চট্টগ্রামে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহত ৮

 ভাটিয়ারীর ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে গ্যাস কাটার সময় অসুস্থ হয়ে প্রাণ হারান শ্রমিকরা, হাসপাতালে চিকিৎসাধীন আহতরা

টুইট ডেস্ক: চট্টগ্রামের ভাটিয়ারীতে জাহাজভাঙা কারখানায় গ্যাস বিষক্রিয়ায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ৯টার দিকে ভাটিয়ারী ইউনিয়নের স্টেশন রোড এলাকার ফেরদৌস স্টিল নামের একটি শিপইয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে সানি জলদাস, পলাশ জলদাস, খোকন, রানা, আলম এবং দুই সহোদর মনসুর আলী ও নাসির উদ্দিনের পরিচয় জানা গেছে। তারা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিপব্রেকিং ইয়ার্ডে শ্রমিকরা কাজ করছিলেন। মেশিন দিয়ে স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডার কাটার সময় হঠাৎ বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন।

পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রথমে পাঁচজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে আরও তিনজনের মৃত্যুর খবর পাওয়া যায়। এ ঘটনায় অন্তত দুই শ্রমিক আহত হয়েছেন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর শিপইয়ার্ড এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে গ্যাস বিষক্রিয়ার সঠিক কারণ জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে।