মন্ত্রিসভায় রদবদলের গুঞ্জন

মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে এলজিআরডি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে পরিবর্তনের আলোচনা, এখনো আসেনি কোনো আনুষ্ঠানিক ঘোষণা
টুইট ডেস্ক: রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলের প্রার্থী করার পর মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ রদবদলের আলোচনা জোরালো হয়েছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশনে মির্জা ফখরুলের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ড. আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল মনোনয়নপত্র জমা দেয়। এতে প্রস্তাবক হিসেবে ছিলেন ড. আব্দুল মঈন খান এবং সমর্থক হিসেবে ছিলেন গয়েশ্বর চন্দ্র রায়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই সচিবালয় ও রাজনৈতিক মহলে মন্ত্রিসভার সম্ভাব্য পুনর্বিন্যাস নিয়ে আলোচনা শুরু হয়েছে। আলোচনায় থাকা সম্ভাব্য পরিবর্তনের মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের হাতে দেওয়ার কথা রয়েছে। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে দেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে।
বৃহস্পতিবার দুপুর থেকে সচিবালয় ও রাজনৈতিক মহলে এ নিয়ে আলোচনা চলছে। কয়েকটি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও একই ধরনের তথ্য ছড়িয়ে পড়েছে। তবে মন্ত্রিপরিষদ বিভাগ কিংবা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
সরকার গঠনের প্রায় ছয় মাসের মাথায় সম্ভাব্য এই রদবদলের আলোচনা সামনে এলো। ফেব্রুয়ারি ২০২৬-এ তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভা গঠিত হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তিনি মন্ত্রিসভা ও বিএনপির মহাসচিবের পদ ছাড়বেন। সে ক্ষেত্রে প্রশাসনিক ধারাবাহিকতা বজায় রাখা এবং গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোর কার্যক্রমে কোনো ধরনের শূন্যতা তৈরি না করতে দ্রুত দায়িত্ব পুনর্বণ্টনের প্রয়োজন হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।
তবে মন্ত্রিসভায় রদবদলের বিষয়টি এখনো আলোচনা ও গুঞ্জনের পর্যায়েই রয়েছে। আনুষ্ঠানিক সিদ্ধান্ত হলে তা মন্ত্রিপরিষদ বিভাগ বা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।






