থাইল্যান্ডের স্কুলে শিক্ষকের ওপর শিক্ষার্থীর গুলি, নিহত ২

গুলির পর আত্মহত্যা হামলাকারীর, আহত আরও ৪ জন
টুইট ডেস্ক: থাইল্যান্ডের একটি স্কুলে শিক্ষার্থীর গুলিতে এক শিক্ষক নিহত হয়েছেন। হামলার পর ওই শিক্ষার্থী নিজেও আত্মহত্যা করলে নিহতের সংখ্যা দাঁড়ায় দুইজনে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
শুক্রবার (৭ আগস্ট) স্থানীয় সময় সকালে ব্যাংককের উত্তর-পশ্চিমাঞ্চলীয় নোন্তাবুরি প্রদেশের বাং ক্রুয়াই জেলার দেবসিরিন নোন্তাবুরি স্কুলে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রশাসন জানিয়েছে, হামলাকারী ওই বিদ্যালয়েরই একজন শিক্ষার্থী। গুলিবর্ষণের পর সে নিজেকে গুলি করে আত্মহত্যা করে। আহতদের মধ্যে একজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী রয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ১৮ বছর বয়সী এক শিক্ষার্থী জানান, প্রথমে সবাই গুলির শব্দকে আতশবাজি বা অন্য কোনো শব্দ মনে করেছিলেন। পরে একের পর এক গুলির শব্দে পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেন তারা।
ঘটনার পর জরুরি সেবাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন। আহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাস্থলের বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে।
বিদ্যালয়টিতে প্রায় ৩ হাজার ১০০ শিক্ষার্থী এবং ১৪৭ জন শিক্ষক রয়েছেন।
থাইল্যান্ডে অস্ত্র আইন কঠোর হলেও দেশটিতে ব্যক্তিগত অস্ত্রের মালিকানার হার তুলনামূলক বেশি। ২০২২ সালে নং বুয়া লামফু প্রদেশের একটি শিশু যত্নকেন্দ্রে ভয়াবহ বন্দুক হামলার পর দেশটির সরকার অস্ত্রের লাইসেন্স প্রদান ও নবায়নের ক্ষেত্রে আরও কঠোর বিধিনিষেধ আরোপ করে। বর্তমানে এ ঘটনার তদন্ত করছে থাই পুলিশ।






