দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

টুইট ডেস্ক: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেছেন, আমরা অপেক্ষা করে আছি, দেশে আসুন। দেশে আসুন, ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের চীন-মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, বর্তমান সরকার জনগণের নির্বাচিত সরকার। সরকারের কোনো ভুল হলে জনগণ তা শুধরে দেবে। তিনি বলেন, বর্তমান সরকার কখনোই আওয়ামী লীগের মতো হতে চায় না।

তিনি আওয়ামী লীগের সমালোচনা করে বলেন, খুন, গুম, নির্যাতন, অর্থপাচার ও বিভিন্ন অভিযোগের পরও দলটির মধ্যে অনুশোচনার কোনো লক্ষণ দেখা যায় না। একই সঙ্গে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার তার প্রত্যাবর্তনের অপেক্ষায় রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের প্রসঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, শহীদ পরিবারের দেখভাল করা এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করা সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি বলেন, রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী তাদের সর্বোচ্চ সম্মান ও সহযোগিতা দেওয়া হবে।

গণতন্ত্র ও নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ যেমন গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম ছিল, তেমনি জুলাইয়ের আন্দোলনও গণতন্ত্রের জন্যই সংঘটিত হয়েছে। নির্বাচন গণতন্ত্রের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে তিনি বলেন, জনগণের মতপ্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র টিকিয়ে রাখাই স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অন্যতম শর্ত।

বক্তব্যের শেষাংশে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে হাফিজ উদ্দিন আহমেদ বলেন, মতের পার্থক্য থাকলেও দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি বিভাজন ও সংকীর্ণ স্বার্থ থেকে দূরে থেকে দেশ গঠনে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।