কবরস্থানের সংকট নিরসনে বসুয়ায় পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান

এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে সরেজমিন পরিদর্শন, উপযুক্ত স্থান নির্ধারণে আশ্বাস।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: রাজশাহীর পবা উপজেলার হড়গ্রাম ইউনিয়নের বসুয়া গ্রামে দীর্ঘদিন ধরে নিজস্ব কবরস্থানের অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। মৃত ব্যক্তিদের দাফনের জন্য রাজশাহী শহরসহ বিভিন্ন এলাকার কবরস্থানের ওপর নির্ভর করতে হওয়ায় শোকাহত পরিবারগুলোকে অতিরিক্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এই সংকট নিরসনের লক্ষ্যে মঙ্গলবার (৪ আগস্ট) বসুয়া গ্রাম পরিদর্শন করেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং কবরস্থানের সংকট সরেজমিনে পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে এলাকাবাসী দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরে দ্রুত একটি স্থায়ী কবরস্থান প্রতিষ্ঠার দাবি জানান। তারা বলেন, নিজস্ব কবরস্থান না থাকায় প্রিয়জনদের দাফনের জন্য দূর-দূরান্তে যেতে হয়, যা শোকের মুহূর্তে পরিবারগুলোর কষ্ট আরও বাড়িয়ে দেয়।
এলাকাবাসীর বক্তব্য শুনে আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট কবরস্থানের জন্য উপযুক্ত স্থান নির্ধারণে সহযোগিতার আশ্বাস দেন। তিনি বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে, যাতে ভবিষ্যতে বসুয়া গ্রামের মানুষ দাফন-কাফন নিয়ে আর ভোগান্তিতে না পড়েন।
পরিদর্শনকালে স্বেচ্ছাসেবক দলের নেতা শরিফুল হাসান পরাগসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, আরডিএ চেয়ারম্যানের এই উদ্যোগের মাধ্যমে বসুয়া গ্রামের দীর্ঘদিনের কবরস্থানের সংকটের একটি স্থায়ী সমাধান হবে এবং তাদের বহু বছরের দুর্ভোগের অবসান ঘটবে।





