রাজশাহীতে দুই নির্মাণ শ্রমিক পেল ৪ লাখ ৭০ হাজার টাকার অনুদান

শ্রমিক কল্যাণে পাশে থাকার আশ্বাস রাসিক প্রশাসকের; নগর উন্নয়নে নানা পরিকল্পনার কথা তুলে ধরলেন মাহফুজুর রহমান রিটন।

স্টাফ রিপোর্টার, রাজশাহী: রাজশাহীতে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ (ইনসাব) রাজশাহী জেলা কমিটির উদ্যোগে সংগঠনের কল্যাণ তহবিল থেকে দুই সদস্য ও তাদের পরিবারের মাঝে মোট ৪ লাখ ৭০ হাজার টাকা অনুদান বিতরণ করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যায় নগরীর জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের বিপরীতে অবস্থিত ইনসাব কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুদানের অর্থ বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নাগরিক সেবা নিশ্চিত করতে এবং নগর উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ চলছে। তিনি জানান, সিনিয়র সিটিজেনদের জন্য পার্ক, মহিলা ক্লাব, প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ নির্মাণ, সড়ক নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আগামী এক বছরে আড়াই লাখ বৃক্ষরোপণের লক্ষ্যে কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, “আমি শুধু কথায় নয়, কাজে বিশ্বাসী হতে চাই।”

শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ইমারত নির্মাণ শ্রমিকরাই দেশের উন্নয়নের অন্যতম প্রধান কারিগর। তাদের শ্রমেই আধুনিক নগর ও বহুতল ভবন নির্মিত হচ্ছে। শ্রমিকদের কল্যাণে কার্যকর উদ্যোগ নেওয়ায় ইনসাব রাজশাহী জেলা কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি ভবিষ্যতেও শ্রমিকদের অধিকার, নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন ও সামাজিক সুরক্ষায় সংগঠনটির সক্রিয় ভূমিকা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

ইনসাব রাজশাহী জেলা কমিটির সভাপতি মো. নবাব আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সভাপতি রবিউল ইসলাম রবি, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম এবং অর্থ সম্পাদক মো. মুকুল। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

অনুষ্ঠানে সংগঠনের কল্যাণ তহবিল থেকে মৃত্যুজনিত কারণে এক সদস্যের পরিবারকে ৪ লাখ ৫০ হাজার টাকা এবং নিয়মিত সহায়তার অংশ হিসেবে আরেক সদস্যকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।