বাংলাদেশ-নেপাল সহযোগিতায় উন্মোচিত হবে উন্নয়নের নতুন দিগন্ত: মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ-নেপালের যৌথ উদ্যোগে বিনামূল্যের চক্ষু শিবির উদ্বোধন
টুইট ডেস্ক: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশ ও নেপালের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যের মাধ্যমে দুই দেশের জনগণের কল্যাণ এবং উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির আয়োজনে বাংলাদেশ ও নেপালের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত ‘ফ্রি আই ক্যাম্প-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ভৌগোলিকভাবে নেপাল বাংলাদেশের খুব দূরে নয়। সীমান্তবর্তী ও প্রত্যন্ত অঞ্চলের অনেক দরিদ্র মানুষ অর্থাভাবে চোখের উন্নত চিকিৎসা নিতে পারেন না। এ ধরনের চক্ষু শিবিরের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবেন। ভবিষ্যতে দেশের অন্যান্য এলাকাতেও এমন মানবিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণের আশা প্রকাশ করেন তিনি।
‘সবার জন্য দৃষ্টি, প্রতিটি চোখের যত্ন’ প্রতিপাদ্যে আয়োজিত এ চক্ষু শিবিরে বিনামূল্যে চোখ পরীক্ষা, চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজনীয় রোগ নির্ণয় সেবা দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতীক কার্কি, এনএনজেএসের চেয়ারম্যান অধ্যাপক ডা. চেত রাজ পান্ত এবং বিরাটনগর আই হাসপাতালের চেয়ারম্যান পদ্ম নারায়ণ চৌধুরী। সভাপতিত্ব করেন ঠাকুরগাঁও ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. আবু মো. খায়রুল কবির।
আয়োজকরা জানান, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রোগ শনাক্তকরণ এবং চিকিৎসা পরামর্শ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।






