শ্রীলঙ্কার কারাগারে ফের রক্তপাত: সেনা-কম্যান্ডো মোতায়েন, নিহত ১

দাঙ্গা নিয়ন্ত্রণে দ্রুত অভিযান, অতিরিক্ত বন্দির চাপকে কারণ হিসেবে দেখছে কর্তৃপক্ষ।
বিশ্ব ডেস্ক: শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর উপকণ্ঠে অবস্থিত অতিরিক্ত বন্দিতে ঠাসা মাহারা কারাগারে সংঘটিত দাঙ্গা নিয়ন্ত্রণে সেনাবাহিনী ও বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) কমান্ডো মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এক বন্দি নিহত এবং অন্তত ছয়জন আহত হয়েছেন।
রোববার (২ আগষ্ট) পুলিশের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
পুলিশের উপ-মহাপরিদর্শক সঞ্জীবা মেদাওয়াত্তে জানান, সশস্ত্র বাহিনী ও এসটিএফের সহায়তায় দাঙ্গা দমন করা হয়েছে এবং বন্দিদের তাদের নিজ নিজ সেলে ফিরিয়ে নেওয়া হয়েছে।
পুলিশ ও কারা সূত্রে জানা গেছে, দাঙ্গার সময় বন্দিরা কারাগারের বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। রান্নাঘর, হাসপাতাল, পুনর্বাসন ভবন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, জেলার অফিস ও শৃঙ্খলা বিভাগ ক্ষতিগ্রস্ত হয়। কিছু স্থানে আগুনও লাগানো হয়।
বন্দি ও কারা কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের জেরে এ দাঙ্গার সূত্রপাত হয়, যা দ্রুত সহিংস রূপ নেয়। আহত সাত বন্দিকে রাগামা টিচিং হাসপাতালে ভর্তি করা হলে তাদের একজন পরে মারা যান।
ঘটনার পর আশপাশের কয়েকটি এলাকায় এখনও পুলিশি কারফিউ জারি রয়েছে। কারা কর্তৃপক্ষ দাঙ্গার কারণ অনুসন্ধানে পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।
উল্লেখ্য, মাহারা কারাগারের ধারণক্ষমতা প্রায় এক হাজার হলেও বর্তমানে সেখানে চার হাজারের বেশি বন্দি রয়েছে। অতিরিক্ত বন্দির চাপ দীর্ঘদিন ধরে শ্রীলঙ্কার কারাগারগুলোতে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ২০২০ সালেও একই কারাগারে দাঙ্গায় ১১ বন্দি নিহত ও প্রায় ১২০ জন আহত হয়েছিলেন।







