চীনা পিএলএর ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন পাকিস্তানে

জিএইচকিউতে আয়োজনে চীন-পাকিস্তান সামরিক সহযোগিতা আরও জোরদারের প্রত্যয়
বিশ্ব ডেস্ক: চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ)-এর ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাকিস্তানের রাওয়ালপিন্ডির জেনারেল হেডকোয়ার্টার্সে (জিএইচকিউ) এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাকিস্তানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত জিয়াং জায়েদং। এছাড়া চীনের প্রতিরক্ষা অ্যাটাশে মেজর জেনারেল ওয়াং ঝং, চীনা দূতাবাসের কর্মকর্তারা এবং পাকিস্তানের তিন বাহিনীর জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল সাইয়েদ আসিম মুনির অতিথিদের স্বাগত জানান এবং পিএলএর প্রতিষ্ঠাবার্ষিকীতে অভিনন্দন জানান। তিনি চীনের প্রতিরক্ষা, জাতীয় উন্নয়ন এবং আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় পিএলএর গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন।
চীন-পাকিস্তান সম্পর্কের দৃঢ়তা তুলে ধরে তিনি বলেন, দুই দেশের বন্ধুত্ব অনন্য, সময়পরীক্ষিত এবং আঞ্চলিক ও বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও অটুট রয়েছে। তিনি আরও বলেন, পাকিস্তান সশস্ত্র বাহিনী ও পিএলএ পারস্পরিক আস্থা, অবিচল সমর্থন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অভিন্ন অঙ্গীকারে প্রকৃত অংশীদার।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রাষ্ট্রদূত জিয়াং জায়েদং আয়োজক হিসেবে ফিল্ড মার্শালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি সন্ত্রাসবিরোধী লড়াইয়ে পাকিস্তান সশস্ত্র বাহিনীর গুরুত্বপূর্ণ অবদান ও আত্মত্যাগের স্বীকৃতি দেন।
একই সঙ্গে তিনি চীনের পক্ষ থেকে পাকিস্তানের প্রতি অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং দুই দেশের সর্বকালীন কৌশলগত সহযোগিতা আরও জোরদারের অঙ্গীকার ব্যক্ত করেন।






