রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি পুনর্মিলনী নিবন্ধন উদ্বোধন

দেশ-বিদেশে অবস্থানরত সব প্রাক্তন শিক্ষার্থীকে নিবন্ধনের আহ্বান।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: ঐতিহ্যবাহী রাজশাহী কলেজের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেলে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমিমন্ত্রী মোঃ মিজানুর রহমান মিনু। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোঃ মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট শফিকুল হক মিলন, অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী ঈশা, মোঃ আবুল কালাম আজাদ, সাবেক স্বাস্থ্য সচিব এস. এম. জহুরুল ইসলাম এবং রাজশাহী কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হবিবুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ ইব্রাহিম আলী।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে কার্যক্রমের সূচনা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
বক্তারা বলেন, দেড় শতকের গৌরবময় ইতিহাসে রাজশাহী কলেজ দেশের উচ্চশিক্ষা বিস্তার, মানবসম্পদ উন্নয়ন ও আলোকিত নাগরিক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ১৫০তম বর্ষপূর্তি উদযাপন এবং পুনর্মিলনী কেবল উৎসব নয়, বরং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করার একটি অনন্য উদ্যোগ।
বক্তারা দেশ-বিদেশে অবস্থানরত রাজশাহী কলেজের সব প্রাক্তন শিক্ষার্থীকে নিবন্ধন সম্পন্ন করে এই ঐতিহাসিক আয়োজনের অংশ হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি, শিক্ষক, প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







