মার্কিন বিশেষ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, বিনিয়োগ নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা

প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলনে মুখপাত্র মাহদী আমিন; বৈঠক দুটির গুরুত্ব ও ফলাফল তুলে ধরা হয়

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সৌজন্য সাক্ষাৎ এবং দেশের শীর্ষ বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভা নিয়ে সাংবাদিকদের অবহিত করতে অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

শনিবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গরের সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পারস্পরিক সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়েছে।

মুখপাত্র আরও জানান, একই দিনে দেশের বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় সভায় বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন, রপ্তানি সম্প্রসারণ এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকারের বিভিন্ন পরিকল্পনা ও অগ্রাধিকার নিয়ে আলোচনা হয়।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, সরকার উন্নয়ন, বিনিয়োগ ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারের লক্ষ্যে দেশি-বিদেশি অংশীজনদের সঙ্গে ধারাবাহিক সংলাপ অব্যাহত রাখবে। একই সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে বেসরকারি খাতের সঙ্গে সরকারের সমন্বিত উদ্যোগ আরও শক্তিশালী করা হবে বলে তিনি উল্লেখ করেন।