৫ আগস্টের সমাবেশ ঘিরে রাজশাহী মহানগর বিএনপির প্রস্তুতি সভা

৫ আগস্টের কর্মসূচি ঘিরে সার্বিক প্রস্তুতি ও করণীয় নিয়ে আলোচনা, সমাবেশ সফল করতে কমিটি গঠন।
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আগামী ৫ আগস্ট অনুষ্ঠিতব্য সমাবেশ সফল করার লক্ষ্যে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) বিকেলে নগরীর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুন। সভা পরিচালনা করেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
সভায় বক্তারা বলেন, আগামী ৫ আগস্টের সমাবেশ সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে দলের সব পর্যায়ের নেতাকর্মীকে নিজ নিজ দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে। এ লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈষা, সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, মোখতার হোসেন ও জয়নাল আবেদিন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলুসহ থানা বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের মহানগর ও ওয়ার্ড পর্যায়ের নেতারা।
সভায় ৫ আগস্টের সমাবেশ উপলক্ষে সার্বিক প্রস্তুতি, দায়িত্ব বণ্টন ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে সমাবেশ সফলভাবে আয়োজনের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে বলে সভায় জানানো হয়।






