প্রবাসীদের সেবায় দূতাবাসে সুবিধা বাড়াচ্ছে পাকিস্তান: প্রধানমন্ত্রীর নির্দেশ

ডিজিটাল অ্যাটেস্টেশন, কিউআর কোডে অভিযোগ, মোবাইল অ্যাপ চালুর উদ্যোগ।
বিশ্ব ডেস্ক: প্রবাসী পাকিস্তানিদের জন্য দূতাবাসে সেবা সহজ ও আধুনিক করতে নানা পদক্ষেপের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং প্রদান করে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বৈঠকে জানানো হয়, প্রবাসীদের সুবিধার্থে বিদেশে অবস্থিত পাকিস্তানি দূতাবাসগুলোতে সেবার মানোন্নয়ন, ডকুমেন্ট অ্যাটেস্টেশন প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, অভিযোগ ব্যবস্থাকে আরও সহজ করা এবং বিদেশ থেকে বিভিন্ন কাজ ও পেমেন্টের জন্য ডিজিটাল ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী পাকিস্তানিরা দেশের মূল্যবান সম্পদ। তাদের সর্বোচ্চ সেবা প্রদান করা সরকারের অগ্রাধিকার। তিনি দূতাবাসগুলোতে কিউআর কোডের মাধ্যমে অভিযোগ নিবন্ধনের ব্যবস্থা চালুর প্রশংসা করে বলেন, এটি দৃশ্যমানভাবে প্রদর্শন এবং এ বিষয়ে সচেতনতা বাড়াতে বিশেষ প্রচারণা চালাতে হবে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, প্রবাসীদের জন্য পাওয়ার অব অ্যাটর্নি এবং সম্পত্তি ক্রয়-বিক্রয় প্রক্রিয়া সহজ করা হয়েছে। ডকুমেন্ট অ্যাটেস্টেশন সহজ করতে কিউআর কোড ব্যবস্থাও চালু করা হয়েছে। ইসলামাবাদে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নাগরিক সেবার জন্য সন্ধ্যাকালীন শিফট চালু করা হয়েছে এবং ইজি সার্ভিস সেন্টারে অ্যাটেস্টেশন সুবিধা দেওয়া হচ্ছে।
এছাড়া, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অ্যাটেস্টেশন চালুর পাশাপাশি এ প্রক্রিয়াকে উচ্চশিক্ষা কমিশন, ইন্টার বোর্ডস কো-অর্ডিনেশন কমিশন, নাদরা ও ন্যাশনাল পুলিশ ব্যুরোর ডাটাবেজের সঙ্গে সংযুক্ত করা হয়েছে, ফলে প্রক্রিয়া আরও দ্রুত হয়েছে।
বৈঠকে জানানো হয়, অ্যাপোস্টিল সিস্টেম চালুর মাধ্যমে অ্যাটেস্টেশন প্রক্রিয়া এক ধাপে সম্পন্ন করা সম্ভব হচ্ছে। পরবর্তী ধাপে পুরো প্রক্রিয়াটি শতভাগ ডিজিটাল করতে দ্রুত কাজ চলছে। এ লক্ষ্যে ন্যাশনাল আইটি বোর্ডের সহযোগিতায় একটি মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে, যার মাধ্যমে জন্ম-মৃত্যু সনদ, বিবাহ নিবন্ধন সনদ, পারিবারিক নিবন্ধন সনদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি ডিজিটালি অ্যাটেস্টেশন করা যাবে।
বৈঠকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, ফেডারেল মন্ত্রী আহাদ খান চিমা, আতাউল্লাহ তারার, চৌধুরী সালিক হুসেইন, শাজা ফাতিমা খাজা, প্রতিমন্ত্রী আউন চৌধুরী, বিশেষ সহকারী তারিক বাজওয়াসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






