রাজশাহীতে মাঝিদের জীবনরক্ষায় উদ্যোগ: লাইফ জ্যাকেট বিতরণ করল যুবদল

নিরাপদ নৌযাত্রা নিশ্চিতে যুবদলের মানবিক উদ্যোগ। পদ্মা নদীর মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ।
নিজস্ব প্রতিবেদক: পদ্মা নদীতে প্রতিদিন জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে নৌকা চালান অসংখ্য মাঝি। জীবনরক্ষার ন্যূনতম সরঞ্জাম না থাকায় অনেক সময় ছোট দুর্ঘটনাও বড় বিপর্যয়ে রূপ নেয়। এই বাস্তবতা বিবেচনায় রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির উদ্যোগে মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়েছে।
বুধবার (২৯ জুলাই) রাজশাহী নগরীর পদ্মা নদীর বিভিন্ন ঘাট এলাকায় গিয়ে মাঝিদের হাতে এসব লাইফ জ্যাকেট তুলে দেন তিনি। এ সময় নদীপথে চলাচলের সময় নিরাপত্তা নিশ্চিত করতে লাইফ জ্যাকেট ব্যবহারের গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়।
রফিকুল ইসলাম রবি বলেন, “নদীতে যারা দিনরাত পরিশ্রম করেন, তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের সামাজিক দায়িত্ব। সামান্য সচেতনতা ও একটি লাইফ জ্যাকেট অনেক বড় দুর্ঘটনা থেকে জীবন বাঁচাতে পারে।”
লাইফ জ্যাকেট পেয়ে মাঝিরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, এর আগে অনেকেই নিরাপত্তা সরঞ্জামের অভাবে আতঙ্ক নিয়ে নদীতে চলাচল করতেন। এখন এই উদ্যোগ তাদের মধ্যে নতুন আস্থা তৈরি করেছে।
স্থানীয়রা এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। পদ্মা পাড়ের মানুষের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা মনে করেন।
রাজশাহী মহানগর যুবদলের সদস্য সচিব রফিকুল ইসলাম রবির নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক মুজিবুল হক মিলন, যুগ্ম আহ্বায়ক মাসুদুল হক মৃধা মমিন, সদস্য মো. রবিন হোসেন, বোয়ালিয়া থানা পশ্চিমের যুবনেতা মিনহাজুল ইসলাম মানিকসহ মহানগর ও বিভিন্ন ইউনিটের যুবদলের নেতৃবৃন্দ।






