পদ্মায় নৌদুর্ঘটনা: ঘটনাস্থলে সিটি কর্পোরেশন প্রতিনিধি দল

রাজশাহীর পদ্মায় নৌকাডুবি: ঘটনাস্থল পরিদর্শন করলেন সিটি কর্পোরেশনের প্রতিনিধি দল, নিখোঁজ ২।
টুইট প্রতিবেদক: রাজশাহী নগরীর বড়কুঠি সংলগ্ন বিষপুর ফেরিঘাট (পদ্মা গার্ডেন) এলাকায় পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় দুইজন নিখোঁজ রয়েছেন। ঘটনাস্থল পরিদর্শনে গেছেন সিটি কর্পোরেশন প্রতিনিধি দল।
মঙ্গলবার (২৮ জুলাই) আনুমানিক দুপুর সাড়ে ১২টার দিকে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার তৎপরতায় ছয়জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নৌকার মাঝি কাউসার আলী (৬০) ও তাঁর ছেলে জিয়ারুল ইসলাম (৩২) এখনও নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, শ্যামপুরের জিয়ানগর এলাকা থেকে যাত্রীবাহী একটি নৌকা বিষপুর ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা করলে মাঝনদীতে প্রবল স্রোতের মুখে পড়ে ডুবে যায়। এ সময় ফেরিঘাটে অবস্থানরত সিটি কর্পোরেশনের অনুমোদিত ইজারাদারের নৌকা এবং স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার কাজে অংশ নিয়ে ছয়জনকে নিরাপদে তীরে তুলতে সক্ষম হন। তবে দুইজন নদীতে তলিয়ে যান এবং এরপর থেকেই তাদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
ঘটনার পরপরই রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তার নির্দেশনায় সিটি কর্পোরেশনের একটি প্রতিনিধি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে। তারা উদ্ধার অভিযানে নিয়োজিত সদস্যদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
সিটি কর্পোরেশনের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল নিখোঁজ দুই ব্যক্তিকে উদ্ধারে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। তবে পদ্মা নদীর তীব্র স্রোত ও প্রতিকূল পরিস্থিতির কারণে উদ্ধার কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তবুও প্রশাসন, সিটি কর্পোরেশন এবং উদ্ধারকারী সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টায় অভিযান চালিয়ে যাওয়া হচ্ছে।
পরিদর্শনকালে সিটি কর্পোরেশনের সচিব সোহেল রানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভাগীয় উপ-পরিচালক মঞ্জিল হক, সহকারী জনসংযোগ কর্মকর্তা মোঃ রকিবুল হক তুহিন এবং তথ্য সহকারী ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।
নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি বজায় আছে।







