রাজশাহী কলেজে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন
নিজস্ব প্রতিবেদক: সরকার ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী কলেজ ছাত্রদলের উদ্যোগে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) বেলা ১১টায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান রিটন।
অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন। পরে কলেজ প্রাঙ্গণে অতিথিদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন তিনি।
আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। সরকারের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে রাজশাহী কলেজ ছাত্রদলের নেতাকর্মী, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।







