দুর্গাপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

উপজেলা প্রশাসনের আয়োজনে স্মৃতিচারণ, শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং সাতজন জুলাই যোদ্ধাকে সম্মাননা প্রদান।

মোফাজ্জল হোসেন, নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুরে ‘জুলাই শহিদ দিবস-২০২৬’ উপলক্ষে জুলাই শহীদদের স্মরণে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। সভায় জুলাই যোদ্ধাদের মধ্যে সাতজনসহ স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় অংশগ্রহণকারী জুলাই যোদ্ধারা আন্দোলনের সময়কার বিভিন্ন অভিজ্ঞতা, দমন-পীড়ন এবং সংগ্রামের স্মৃতি তুলে ধরেন। বক্তারা বলেন, জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ দেশের গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তাঁদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে একটি বৈষম্যহীন, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের ইতিহাস ও আত্মত্যাগের চেতনা তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

অনুষ্ঠানের শেষে জুলাই আন্দোলনে অবদান রাখা সাতজন জুলাই যোদ্ধাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে উপস্থিত অতিথিরা সময়োপযোগী উল্লেখ করে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।