ময়মনসিংহে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ; নিহত ৩

নিহত ৩, হাসপাতালে চিকিৎসাধীন আরও ১

টুইট ডেস্ক: ময়মনসিংহে ট্রাক ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে নগরীর শম্ভুগঞ্জ-কিশোরগঞ্জ সড়কে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত তিনজনকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান। আহত অপর একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানায়, নিহত তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিত করতে কাজ চলছে।

দুর্ঘটনার কারণ এবং সংশ্লিষ্ট ট্রাকটি শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পাশাপাশি দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।