বান্দরবানে রথযাত্রা উদ্‌যাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

রথযাত্রা ও উল্টো রথযাত্রা উদ্‌যাপন উপলক্ষ্যে প্রস্তুতি। নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনায় বিশেষ জোর।

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে সনাতনী ধর্মাবলম্বীদের আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন উপলক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ জুলাই বান্দরবান পার্বত্য জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

​সভায় সভাপতিত্ব করেন বান্দরবান জেলার সম্মানিত জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

এবারের রথযাত্রাটি বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গা মন্দির হতে শুরু হয়ে বালাঘাটাস্থ সার্বজনীন শ্রী শ্রী রক্ষা কালী মন্দিরে গিয়ে শেষ হবে।

​সভায় রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষ্যে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, ভক্ত ও সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ, যান চলাচল ব্যবস্থাপনা, নির্বিঘ্নে ধর্মীয় অনুষ্ঠান সম্পন্নকরণ এবং সম্ভাব্য যে-কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সরকারি সংস্থাসমূহের সমন্বিত কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

​উক্ত প্রস্তুতিমূলক সভায় বান্দরবান পার্বত্য জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ, পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।