দেশ যখন বন্যায় বিপর্যস্ত, প্রধানমন্ত্রী তখন সেলফি তোলায় ব্যস্ত: নাসীরুদ্দীন পাটওয়ারী

নিয়ামতপুরের পথসভায় এনসিপির মুখ্য সমন্বয়কের অভিযোগ; সংস্কার, বিচার ও স্থানীয় সরকার নির্বাচন নিয়েও বক্তব্য

টুইট ডেস্ক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করে বলেছেন, দেশের দক্ষিণাঞ্চল যখন ভয়াবহ বন্যায় বিপর্যস্ত, তখন প্রধানমন্ত্রী স্ত্রীকে সঙ্গে নিয়ে সেলফি তোলায় ব্যস্ত রয়েছেন। তিনি বলেন, বন্যাকবলিত মানুষের দুর্ভোগের সময় সরকারের আরও সক্রিয়ভাবে জনগণের পাশে দাঁড়ানো উচিত ছিল।

রোববার (১২ জুলাই) সন্ধ্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে আয়োজিত জুলাই পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বন্যার পানিতে ভেসে বহু মানুষ সর্বস্ব হারিয়ে মানবিক সংকটে পড়েছেন। এ পরিস্থিতিতে সরকারের দায়িত্ব জনগণের পাশে দাঁড়িয়ে দ্রুত ও কার্যকর সহায়তা নিশ্চিত করা।

বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার এবং আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিচার দাবি করেন। তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহতদের রক্তের বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো নানা প্রতিশ্রুতি দিলেও পরে জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়। স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে তার প্রার্থিতা বাতিল করা হবে।

দেশে স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন পুলিশ ব্যবস্থা এবং কার্যকর সংস্কারের প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যাশা থেকে জনগণ আন্দোলনে অংশ নিয়েছিল, তবে সেই প্রত্যাশার অনেক কিছুই এখনও বাস্তবায়িত হয়নি।

সভায় সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং যুবশক্তির নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিক, যুগ্ম আহ্বায়ক ও নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব সাকিব মাহাদীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সভার শুরুতে আকস্মিক বন্যায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।