উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যেই সরকার পরিচালিত হচ্ছে: মির্জা ফখরুল

পল্লী উন্নয়ন সরকারের অগ্রাধিকার; দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের আহ্বান

টুইট ডেস্ক: বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার পরিচালনা করছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকার হলো পল্লী উন্নয়ন এবং গ্রামীণ জনগণের জীবনমানের উন্নয়ন।

সোমবার (৬ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে হলে সুশাসন, জবাবদিহি এবং জনগণের আস্থা পুনর্গঠন জরুরি। অতীতের সরকারের সমালোচনা করে তিনি দাবি করেন, উন্নয়নের নামে অনিয়ম ও দুর্নীতির কারণে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি মানুষের বিশ্বাস ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার সেই আস্থা পুনরুদ্ধারে কাজ করছে।

তিনি বলেন, দেশের পরিবর্তন আনতে হলে দেশের মানুষকেই এগিয়ে আসতে হবে। বাইরের কোনো দেশ বা শক্তির ওপর নির্ভর করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। জনগণের অংশগ্রহণ ও স্থানীয় উদ্যোগই উন্নয়নের প্রধান ভিত্তি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, পুনরায় গ্রাম সরকার ব্যবস্থা চালুর বিষয়টি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে আলোচনা হচ্ছে। তার মতে, এ ব্যবস্থা চালু হলে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব বিকাশের সুযোগ আরও বিস্তৃত হবে এবং গ্রামীণ শাসনব্যবস্থা শক্তিশালী হবে।

তিনি দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিতে হলে প্রত্যেককে নিজের অবস্থান থেকে সৎ ও দায়িত্বশীল হতে হবে। মানুষের অধিকার ক্ষুণ্ন হয়—এমন কোনো অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া যাবে না বলেও তিনি মন্তব্য করেন।