রেতলাংয়ে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত, পরে বিস্তারিত জানাবে আইএসপিআর

কেএনএ ও ইউপিডিএফের যৌথ আস্তানায় বিশেষ অভিযান; অপপ্রচার থেকে বিরত থাকার আহ্বান

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের দুর্গম রেতলাং এলাকা ও আশপাশে সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। চলমান অভিযানের নিরাপত্তাজনিত কারণে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও সংস্থাটি জানিয়েছে।

শনিবার (৪ জুলাই) আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ জুন থেকে নিরাপত্তা বাহিনীর একটি আভিযানিক দল কুকি-চিন ন্যাশনাল আর্মি (কেএনএ) এবং ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল)-এর একটি যৌথ গোপন আস্তানাকে লক্ষ্য করে বিশেষ অভিযান পরিচালনা করছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা ছেড়ে পালিয়ে যায়। এ সময় নিরাপত্তা বাহিনী ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এরপর থেকে রেতলাং ও আশপাশের দুর্গম এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।

আইএসপিআর জানায়, অভিযানের নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করার স্বার্থে এই মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। অভিযান শেষ হলে যথাসময়ে গণমাধ্যমকে বিস্তারিত জানানো হবে।

এদিকে, চলমান অভিযানকে ঘিরে বিভ্রান্তিকর, গুজবনির্ভর বা অপপ্রচারমূলক তথ্য প্রচার ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে না দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে আইএসপিআর। একই সঙ্গে তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের ওপর নির্ভর করার অনুরোধও জানানো হয়েছে।