খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে বাংলাদেশের শ্রদ্ধা

তেহরানে জাতীয় সংসদের স্পিকারের শোক প্রকাশ, ইরানের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক

জাতীয় ডেস্ক: ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম।

শনিবার (৪ জুলাই) তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় আয়োজিত রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে তিনি প্রয়াত নেতার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। একই সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে গভীর সমবেদনা জানান। অনুষ্ঠানে স্পিকার শোক বইতেও স্বাক্ষর করেন।

এর আগে ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন হাফিজ উদ্দিন আহমদ। বৈঠকে তিনি আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানান এবং বাংলাদেশ-ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।

স্পিকার সাম্প্রতিক ইরান-মার্কিন শান্তি সমঝোতা বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করে আশা প্রকাশ করেন, এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক হবে। তিনি বলেন, সংলাপ ও কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধানেই বাংলাদেশের সমর্থন অব্যাহত থাকবে।

বৈঠকে বাংলাদেশ সফরের জন্য ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফকে আনুষ্ঠানিক আমন্ত্রণও জানান জাতীয় সংসদের স্পিকার।

এরপর ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে পৃথক বৈঠকে দুই দেশের ক্রীড়া সহযোগিতা নিয়ে আলোচনা হয়। এ সময় ইরানে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন দেশটির ক্রীড়ামন্ত্রী। পাশাপাশি খেলাধুলা খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের আগ্রহ প্রকাশ করেন তিনি।

সফরের অংশ হিসেবে স্পিকার ইরান রেডিওর বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ইরান সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও সম্প্রসারণে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি তুলে ধরার আশ্বাস দেন।

উল্লেখ্য, আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে শুক্রবার তেহরান পৌঁছান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।