খামেনির জানাজায় যোগ দিতে ইরানের পথে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ; ৪ জুলাই দেশে ফেরার সম্ভাবনা

টুইট ডেস্ক: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ৭টায় তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইরানের রাজধানী তেহরানের উদ্দেশে রওনা হন। সফর শেষে আগামী ৪ জুলাই তার দেশে ফেরার কথা রয়েছে।

আয়াতুল্লাহ আলী খামেনি ১৯৩৯ সালের ১৯ এপ্রিল ইরানের উত্তর-পূর্বাঞ্চলের মাশহাদে জন্মগ্রহণ করেন। তিনি ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর ইরানের নতুন রাষ্ট্রব্যবস্থায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮০ সালে স্বল্প সময়ের জন্য দেশটির প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। পরে ইরান-ইরাক যুদ্ধের সময় ইসলামী বিপ্লবী বাহিনীর তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হন।

১৯৮৯ সালে ইরানের বিপ্লবের নেতা রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর দেশটির বিশেষজ্ঞ পরিষদ তাকে সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত করে। এরপর দীর্ঘ সময় ধরে তিনি ইরানের রাষ্ট্রীয় ও ধর্মীয় নেতৃত্বের দায়িত্ব পালন করেন।

বাংলাদেশের পক্ষ থেকে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের এ সফর দুই দেশের বিদ্যমান কূটনৈতিক সম্পর্কের অংশ হিসেবে গুরুত্বপূর্ণ বলে সংশ্লিষ্টরা মনে করছেন।