কড়া নজরদারিতে শুরু এইচএসসি, পরীক্ষায় ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী

সিসিটিভির পাশাপাশি প্রথমবার পুলিশের বডি-ক্যামেরা; ২১ দিনে শেষ হবে লিখিত পরীক্ষা

টুইট ডেস্ক: দেশের ১১টি শিক্ষা বোর্ডে একযোগে শুরু হয়েছে ২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা। সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে এবার সব পরীক্ষাকেন্দ্রে নেওয়া হয়েছে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি প্রথমবারের মতো দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের ব্যবহারের জন্য রাখা হয়েছে দেহে ধারণযোগ্য ক্যামেরা (বডি-ক্যামেরা)।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে বাংলা প্রথমপত্র, মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের কোরআন মাজিদ এবং কারিগরি শিক্ষা বোর্ডে এইচএসসি (বিএমটি) শাখার বাংলা-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর দেশের ১১টি শিক্ষা বোর্ডে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ১০ লাখ ৬৯ হাজার ৭১৪ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৯২ হাজার ৯০৫ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডে ১ লাখ ৭ হাজার ৯৬৪ জন পরীক্ষার্থী রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং মন্ত্রণালয়ে গঠন করা হয়েছে কেন্দ্রীয় পর্যবেক্ষণ কক্ষ। সেখান থেকে দেশের বিভিন্ন কেন্দ্রের পরীক্ষা কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের দেহে ধারণযোগ্য ক্যামেরার মাধ্যমে নিরাপত্তা তদারকি আরও জোরদার করা হয়েছে।

এবার ৭৭টি বিষয়ে মোট ২১ দিনে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ৮ আগস্ট। এরপর ৯ থেকে ১৫ আগস্ট পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে কারিগরি শিক্ষা বোর্ডের বিভিন্ন কোর্সের তাত্ত্বিক পরীক্ষা জুলাই ও আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে।

পরীক্ষা আয়োজনের জন্য সারা দেশে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। মোট পরীক্ষাকেন্দ্র রয়েছে ২ হাজার ৬৯৭টি। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৬২৬টি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের ৪৬১টি এবং কারিগরি শিক্ষা বোর্ডের ৬১০টি কেন্দ্র রয়েছে।

বোর্ডভিত্তিক পরিসংখ্যানে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ঢাকা শিক্ষা বোর্ডে, যেখানে অংশ নিচ্ছেন ৩ লাখ ৩৯৩ জন। এরপর রাজশাহী বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন, কুমিল্লায় ৯৪ হাজার ৮০২ জন, ময়মনসিংহে ৭৩ হাজার ৩৭ জন, সিলেটে ৭১ হাজার ৭১১ জন এবং বরিশালে ৫৮ হাজার ৬৬৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

শিক্ষা সংশ্লিষ্টরা মনে করছেন, প্রযুক্তিনির্ভর নজরদারি ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার ফলে এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও গ্রহণযোগ্যভাবে সম্পন্ন হবে।