ইতিহাস সংরক্ষণে ইউক্রেনের বার্তা

ইতিহাসের গৌরব স্মরণে কিয়েভ পেচেরস্ক লাভরায় ইভান মাজেপার আবক্ষ ভাস্কর্য। জাতির ইতিহাস ও স্বাধীনতার স্মৃতি রক্ষায় ইউক্রেনের অঙ্গীকার পুনর্ব্যক্ত।
আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন তাদের ইতিহাসকে চিরকাল লালন করবে এবং জাতি গঠনে অবদান রাখা মহান ব্যক্তিদের স্মৃতি সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ এমন বার্তা দিয়ে কিয়েভ পেচেরস্ক লাভরায় স্থাপন করা হয়েছে প্রখ্যাত ইউক্রেনীয় হেটম্যান ইভান মাজেপার একটি আবক্ষ ভাস্কর্য।
ইভান মাজেপা ইউক্রেনের ইতিহাসে অন্যতম বিশিষ্ট রাষ্ট্রনায়ক, হেটম্যান ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত। তার পৃষ্ঠপোষকতায় কিয়েভ পেচেরস্ক লাভরা তার মহিমান্বিত রূপ লাভ করে। এ সময় দুর্গপ্রাচীর ও প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ, গির্জা সংস্কার এবং মুদ্রণ কার্যক্রমের ব্যাপক উন্নয়ন ঘটে।
তার অবদান এই ঐতিহাসিক ধর্মীয় স্থানের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রয়েছে এবং ইউক্রেনের ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ হয়ে আছে।
এই উদ্যোগের মাধ্যমে ইউক্রেন একদিকে যেমন তাদের ইতিহাসের মহান ব্যক্তিত্বকে সম্মান জানাচ্ছে, অন্যদিকে তেমনি ঐতিহাসিক ন্যায়বিচার পুনঃপ্রতিষ্ঠার বার্তাও দিচ্ছে।
ইউক্রেনের নেতৃত্ব মনে করে, যে জাতি নিজের ইতিহাসকে সম্মান করে, সেই জাতিই তার স্বাধীনতা ও রাষ্ট্রীয় সত্তা অটুট রাখতে সক্ষম হয়।






