সাবেক এমপি নূর মোহাম্মদ ৩ দিনের রিমান্ডে

তেজগাঁওয়ের মামলায় ১০ দিনের আবেদন, আদালতের মঞ্জুরি ৩ দিন।

টুইট ডেস্ক: ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।

রোববার (২৮ জুন) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ও মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল সরকার আসামিকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৮ জুন সকাল সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানার শহীদ তাজউদ্দীন আহমদ সড়কে ছাত্রলীগ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী অবৈধ মিছিল বের করেন। এ সময় তারা সরকারবিরোধী স্লোগান দেন এবং ককটেল বিস্ফোরণ ঘটান।

পরে পুলিশ অভিযান চালিয়ে কয়েকজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে বিভিন্ন পোস্টার, ব্যানার, একটি প্রেসকার্ড, ককটেল তৈরির সরঞ্জাম এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

আবেদনে আরও উল্লেখ করা হয়, ঘটনার সঙ্গে জড়িত পলাতক আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সম্পৃক্ততা যাচাই, নাশকতার অর্থদাতা ও পরিকল্পনাকারীদের চিহ্নিতকরণ এবং ককটেল তৈরির উৎস উদ্ঘাটনে আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুদ্দোহা সুমন শুনানি করেন। শুনানি শেষে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে শনিবার রাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ নূর মোহাম্মদকে গ্রেপ্তার করে।