মাদকের বিরুদ্ধে বজ্রকঠিন ঐক্য গড়ার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে মাদকবিরোধী আন্তর্জাতিক দিবসের আলোচনা সভায় আগামী প্রজন্মকে মাদকমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ।

রাজশাহী প্রতিনিধি: মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে রাজশাহী শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশিদ, ডিআইজি ড. মোহাম্মদ শাজাহান, পুলিশ কমিশনার ফয়েজুল কবির, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ইশা, জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম এবং পুলিশ সুপার নাইমুল হাছান।

প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, মাদকমুক্ত সমাজ গঠন না করা পর্যন্ত দেশের উন্নয়নের পথে এটি একটি বড় অন্তরায় হয়ে থাকবে। দেশের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে হবে এবং মাদকের বিরুদ্ধে বজ্রকঠিন ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।

তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হলে মাদককে দৃঢ়ভাবে ‘না’ বলতে হবে। একই সঙ্গে দেশের উন্নয়ন ধারায় কার্যকর অবদান রাখতে সক্ষম, সুশিক্ষিত ও সচেতন নতুন প্রজন্ম তৈরি করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বক্তারা মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।