কিয়ারার মাসিই ছিলেন সালমানের প্রথম প্রেম?

সংগীতা বিজলানীর আগেই জাফরি পরিবারের এক তরুণীর প্রেমে মজেছিলেন বলিউডের ‘ভাইজান’।

টুইট প্রতিবেদক: বলিউড তারকা সালমান খানের প্রেমজীবন নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। দীর্ঘ ক্যারিয়ারে একাধিক অভিনেত্রী ও মডেলের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শোনা গেলেও, অনেকের কাছেই অজানা রয়ে গেছে তার প্রথম প্রেমের গল্প। সেই গল্পের কেন্দ্রবিন্দুতে ছিলেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী কিয়ারা আদভানির মাসি শাহিন জাফরি।

ভারতীয় গণমাধ্যমের প্রকাশিত তথ্য অনুযায়ী, মডেল শাহিন জাফরির সঙ্গে সালমান খানের সম্পর্ক গড়ে উঠেছিল তার তারকাখ্যাতি অর্জনেরও আগে। কিয়ারার মা জেনেভিভ জাফরি ও সালমান শৈশবের বন্ধু ছিলেন।

মুম্বাইয়ের বান্দ্রায় একসঙ্গে বেড়ে ওঠা এই বন্ধুত্বের সূত্র ধরেই শাহিনের সঙ্গে পরিচয় হয় সালমানের।

শাহিন জাফরি ছিলেন ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের নাতনি। সেই হিসেবে কিয়ারা আদভানি অশোক কুমারের প্রপৌত্রী। জাফরি পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্য দিয়েই শাহিন ও সালমানের প্রেমের সূচনা ঘটে।

তৎকালীন সময়ে সালমানের বয়স ছিল মাত্র ১৯ বছর। বিভিন্ন সূত্রের দাবি, শাহিনের প্রতি তিনি এতটাই অনুরক্ত ছিলেন যে তার সঙ্গে দেখা করার জন্য ঘণ্টার পর ঘণ্টা কলেজের বাইরে অপেক্ষা করতেন। এমনকি দুই পরিবারের ঘনিষ্ঠতার কারণে তাদের বিয়ের সম্ভাবনাও একসময় আলোচনায় এসেছিল।

তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। পরে অভিনেত্রী ও সাবেক সৌন্দর্য প্রতিযোগিতা বিজয়ী সংগীতা বিজলানীর সঙ্গে সালমানের ঘনিষ্ঠতা বাড়তে থাকলে শাহিনের সঙ্গে দূরত্ব তৈরি হয়। ধীরে ধীরে তাদের সম্পর্কের ইতি ঘটে।

যদিও প্রেমের সম্পর্ক টেকেনি, তারপরও কিয়ারা আদভানির পরিবারের সঙ্গে সালমান খানের সুসম্পর্ক বজায় রয়েছে বলে জানা যায়। ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ের মধ্যে সালমানের এই প্রথম প্রেমের গল্প এখনও বলিউড অঙ্গনের আলোচিত স্মৃতিগুলোর একটি।