৩৬ দিনের কর্মসূচিতে আন্দোলনের প্রস্তুতি ১১ দলের

জুলাই অভ্যুত্থান স্মরণে মিছিল, সমাবেশ, মানববন্ধনসহ নানা কর্মসূচি।

টুইট ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে ১১ দলীয় জোট। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।

ঘোষিত কর্মসূচিতে জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, জনসচেতনতা বৃদ্ধি এবং আওয়ামী ফ্যাসিবাদবিরোধী ঐক্য গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে। জোটের নেতারা জানান, কর্মসূচির মূল লক্ষ্য হচ্ছে গণঅভ্যুত্থান সম্পর্কে জনগণকে সচেতন করা, জুলাই সনদের বাস্তবায়নে জনমত গড়ে তোলা এবং অতীতে সংঘটিত গুম-খুনের বিচার নিশ্চিত করা।

কর্মসূচির মধ্যে রয়েছে—৪ জুলাই জেলা ও মহানগরীতে গণমিছিল, ২০ জুলাই নারীদের অংশগ্রহণে আলোচনা সভা, ২৩ ও ২৪ জুলাই দেশব্যাপী চিত্রাঙ্কন ও গ্রাফিতি, ৩১ জুলাই মসজিদ ও ধর্মীয় উপাসনালয়ে দোয়া, জুলাইয়ের রক্তাক্ত স্থানগুলোতে পৃথক সমাবেশ, ৫ আগস্ট দেশব্যাপী সমাবেশ ও মিছিল, ৬ আগস্ট মানববন্ধন এবং ৮ আগস্ট জাতীয় সেমিনার।

সংবাদ সম্মেলনের আগে সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় জোটের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নেতারা জানান, কর্মসূচিতে দ্রব্যমূল্য বৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বর্তমান সরকারের বিরুদ্ধে জনমত গঠনের বিষয়ও গুরুত্ব পাবে।

হামিদুর রহমান আযাদ বলেন, বিচারপ্রক্রিয়ায় শিথিলতার কারণে দেশে আবারও ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা দেখা দিচ্ছে। বিভিন্ন স্থানে সহিংসতা ও উত্তেজনার ঘটনাও বাড়ছে বলে তিনি অভিযোগ করেন। তিনি বলেন, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিলে বিরোধী শক্তির ওপর হামলা চালানো হচ্ছে।

তিনি আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া আগের তুলনায় ধীর হয়ে গেছে এবং বর্তমান সরকার তা দুর্বল করে দিচ্ছে। এ অবস্থায় তিনি দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।