৯ বোর্ডে অভিন্ন প্রশ্নে এইচএসসি: ফাঁসের চেষ্টায় কঠোর শাস্তির হুঁশিয়ারি

বৈষম্য দূর ও মানোন্নয়নে একক প্রশ্নপত্র; পরীক্ষা শৃঙ্খলা বজায় রাখতে কড়া নির্দেশ শিক্ষামন্ত্রীর
টুু্ইট ডেস্ক: দেশের শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করতে এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে প্রশ্ন ফাঁসের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে দমন করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ জুন) বরিশাল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে বরিশাল অঞ্চলের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে বরিশাল শিক্ষা বোর্ড।
মন্ত্রী বলেন, সারা বিশ্বে ‘ও লেভেল’ বা ‘এ লেভেল’ পরীক্ষায় একই প্রশ্নপত্র ব্যবহৃত হয়। তাই দেশে বোর্ডভেদে ভিন্ন প্রশ্নের প্রয়োজন নেই। অতীতে প্রশ্ন ফাঁসের আশঙ্কা দেখিয়ে ভিন্ন প্রশ্ন করা হলেও এবার তা বন্ধ করা হবে। কোনো বোর্ডে সহজ ও অন্য বোর্ডে কঠিন প্রশ্নের কারণে যে জিপিএ বৈষম্য তৈরি হয়, তা দূর করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, “প্রশ্ন ফাঁসের কোনো চেষ্টা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, যা অন্যদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।” পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন তিনি।
বিগত সময়ের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে মন্ত্রী বলেন, আগে না পড়ে, নকল করে বা ইন্টারনেটের সহায়তায় বেশি নম্বর দিয়ে পাস করানোর প্রবণতা ছিল, যা শিক্ষার মানকে ক্ষতিগ্রস্ত করেছে। বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে কঠোর অবস্থানে রয়েছে।
মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন প্রসঙ্গে তিনি জানান, আগামী জুলাইয়ের মধ্যে এমপিওসহ মে ও জুন মাসের বকেয়া বেতন পরিশোধ করা হবে। একই সঙ্গে শিক্ষকদের বেতন-ভাতা ধাপে ধাপে বাড়ানোর পরিকল্পনার কথাও জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষকদের বেতন পরিশোধের জন্য চালু ইএফটি প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন না হলে বিকল্প ব্যবস্থা নেওয়া হবে।
সভায় বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদের সভাপতিত্বে বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান শিক্ষামন্ত্রী।






