দিল্লিতে উপদেষ্টা জাহেদ ইস্যুতে ভারতের ব্যাখ্যায় সন্তুষ্ট নয় ঢাকা

ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ বলল পররাষ্ট্র মন্ত্রণালয়
টুইট ডেস্ক: দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রী উপদেষ্টা জাহেদ উর রহমানকে ঘিরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বাংলাদেশ। এ ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক ও দুঃখজনক’ উল্লেখ করে বাংলাদেশ জানিয়েছে, আগে থেকেই কূটনৈতিকভাবে প্রয়োজনীয় তথ্য ভারতকে জানানো হয়েছিল।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রতিক্রিয়ায় বলেন, ভারতীয় পক্ষ যে ব্যাখ্যা দিয়েছে তা সন্তোষজনক নয়। তিনি জানান, কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আগেই ভারতীয় কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছিল যে উপদেষ্টা জাহেদ উর রহমান ভারত মহাসাগরীয় উপকূলীয় দেশগুলোর জোটের বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।
মুখপাত্রের ভাষ্য অনুযায়ী, পূর্ব অবহিতকরণের পরও দিল্লি বিমানবন্দরে তার যাত্রা অব্যাহত রাখতে বাধা দেওয়ার ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।
চলতি মাসের শুরুতে অনুষ্ঠিতব্য জোটের বৈঠকে অংশ নিতে ভারত সফরে যান জাহেদ উর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে তাকে পরবর্তী যাত্রা চালিয়ে যেতে না দেওয়ার বিষয়টি দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা সৃষ্টি করে।
এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বিষয়টি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। একই আলোচনায় তিনি বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও গাইবান্ধার পলাশবাড়িতে শ্রীরামের ভাস্কর্য নির্মাণ ঘিরে আলোচনার প্রসঙ্গও তুলে ধরেন।
এ বিষয়ে বাংলাদেশের অবস্থান পুনর্ব্যক্ত করে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দেশের সব নাগরিকের-বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের—অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।






