কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে কূটনৈতিক মিশন স্থাপনে সম্মতি, বাণিজ্য-বিনিয়োগে নতুন সম্ভাবনা
টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ। বুধবার চীনের স্থানীয় সময় সকাল ১০টা ১৫ মিনিটে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে উভয় প্রধানমন্ত্রী একমত হন।
এছাড়া রাজনৈতিক, ব্যবসায়িক এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তাঁরা।
কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন। বৈঠকে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
এছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার প্রস্তাবে বাংলাদেশের সমর্থন প্রত্যাশা করেন কাজাখস্তানের প্রধানমন্ত্রী। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এ উদ্যোগে বাংলাদেশের সমর্থন থাকার কথা জানান।
বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।
সংবাদ সূত্র: বাসস






