শিক্ষার্থীদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান ভূমিমন্ত্রীর

ভালোভাবে জীবন গড়তে হলে লেখাপড়ায় মনোযোগী হওয়ার তাগিদ, বরেন্দ্র কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বক্তব্য
রাজশাহী প্রতিনিধি: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, শিক্ষাজীবনকে পরিপূর্ণভাবে কাজে লাগিয়ে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। তিনি বলেন, ভালোভাবে জীবন গড়তে গেলে লেখাপড়ায় ভালো হতে হবে। আর লেখাপড়ায় ভালো হলে যোগ্যতার যে কোনো সীমানা পাড়ি দেওয়া সম্ভব।
শনিবার (২০ জুন) রাজশাহীর ঐতিহ্যবাহী বরেন্দ্র কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কলেজের অধ্যক্ষ রনজিত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজের সাবেক শিক্ষার্থী ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট এবং কলেজ পরিচালনা কমিটির সভাপতি তৌফিকুর রহমান লাভলু।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের আসন্ন এইচএসসি পরীক্ষায় সাফল্য কামনা করেন এবং সততা, অধ্যবসায় ও মানবিক মূল্যবোধ ধারণ করে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান। বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে শুভকামনা জানিয়ে তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।






