হেলিকপ্টারে উদ্ধার, চট্টগ্রাম সিএমএইচে চিকিৎসাধীন রোয়াংছড়ির বম নারী

স্ট্রোকে আক্রান্ত ৭৪ বছরের বাসিন্দাকে দুর্গম পাহাড় থেকে জরুরি সরিয়ে নেয় সেনাবাহিনী

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসরত ৭৪ বছর বয়সী রামকিল বম হঠাৎ অসুস্থ হয়ে পড়লে জরুরি চিকিৎসা সহায়তায় এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। স্ট্রোকজনিত জটিলতার আশঙ্কায় তাকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রামে নেওয়া হয়েছে।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, শনিবার (২০ জুন) বিকেলে বান্দরবান রিজিয়নের তত্ত্বাবধানে সেনাবাহিনীর একটি হেলিকপ্টার রোয়াংছড়ির দুর্গম এলাকা থেকে রামকিল বমকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করে।

বর্তমানে তিনি সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসাধীন রয়েছেন।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত চিকিৎসাসেবা পৌঁছানো অনেক সময় বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। এমন পরিস্থিতিতে জরুরি আকাশপথে রোগী স্থানান্তর জীবনরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি পার্বত্য অঞ্চলের বিভিন্ন সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন, জরুরি চিকিৎসা সহায়তা ও মানবিক কার্যক্রমে তাদের উদ্যোগ অব্যাহত রয়েছে।