জিএম কাদেরের বাসভবনে হামলার নিন্দা ও প্রতিবাদ রাজশাহী নগর জাতীয় পার্টির

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রাজধানীর উত্তরার বাসভবনে হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় পার্টি রাজশাহী মহানগর। একই সঙ্গে হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে দলটি।
সোমবার (১২ অক্টোবর) মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব সাজিদ রওশন ঈশান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপির বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা রাজনৈতিক সহাবস্থান এবং শান্তিশৃঙ্খলার জন্য উদ্বেগজনক। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে রাজনৈতিক দলের শীর্ষ নেতার বাসভবনে এ ধরনের হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বিজ্ঞপ্তিতে নেতৃবৃন্দ বলেন, “একটি বাড়ি কিংবা গাড়ি ভাঙচুর করে কোনো মানুষের বাকস্বাধীনতা, মতপ্রকাশের অধিকার কিংবা রাজনৈতিক কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না। জোরজবরদস্তি করে জনগণের সমর্থন অর্জন করা যায় না। গণতন্ত্রের মূল শক্তি হলো সহনশীলতা, ভিন্নমতের প্রতি শ্রদ্ধা এবং আইনের প্রতি আনুগত্য।”
তারা আরও বলেন, এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করেন, যেখানে প্রত্যেক নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে, মৌলিক অধিকার ও ব্যক্তিস্বাধীনতা সুরক্ষিত থাকবে এবং যেকোনো অন্যায়ের বিচার হবে আইনের মাধ্যমে—সহিংসতা কিংবা প্রতিহিংসার মাধ্যমে নয়।
বিজ্ঞপ্তিতে অবিলম্বে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং তাঁদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানায় জাতীয় পার্টি রাজশাহী মহানগর।






