ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, ভাতা পাবেন আরও ৪০ লাখ নারী

ডিসেম্বরের মধ্যে ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্যভান্ডার তৈরির পরিকল্পনা, কর্মসূচিতে বরাদ্দ ১৪ হাজার ৫০০ কোটি টাকা
টুইট ডেস্ক: দেশজুড়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় বাড়ি বাড়ি গিয়ে পরিবারের আর্থসামাজিক তথ্য সংগ্রহ শুরু করেছে সরকার। আগামী ডিসেম্বরের মধ্যে প্রায় ৪ কোটি ৪৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহ করে কেন্দ্রীয় তথ্যভান্ডারে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
সোমবার (১২ অক্টোবর) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন। এ সময় তিনি কর্মসূচির অগ্রগতি, উপকারভোগী নির্বাচনের পদ্ধতি, তথ্য সংগ্রহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
মন্ত্রী জানান, ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে ২০২৬-২৭ অর্থবছরে ১৪ হাজার ৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ১২ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় করা হবে ভাতা বিতরণে।
কর্মসূচি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি। সরকারের পরিকল্পনা অনুযায়ী, পরিবারের আর্থসামাজিক অবস্থা যাচাই করে তথ্যভান্ডার তৈরির মাধ্যমে কর্মসূচির আওতা ও উপকারভোগী নির্বাচন কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।






