তারাগঞ্জে নিখোঁজের একদিন পর পাটক্ষেতে শিশুর মরদেহ উদ্ধার

ময়নাতদন্তে মৃত্যুর কারণ জানার অপেক্ষা, তদন্তে পুলিশ

নিজস্ব প্রতিবেদক,তারাগঞ্জ: রংপুরের তারাগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর সানজিদা (৯) নামে এক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ জুন) সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া এলাকার বাড়ির অদূরে ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সানজিদা ওই এলাকার সাইদুল ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (১৯ জুন) বিকেলে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলছিল সানজিদা। একপর্যায়ে তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও এলাকাবাসীকে নিয়ে বিভিন্ন স্থানে সন্ধান শুরু করেন। রাতভর খোঁজ চালিয়েও তার কোনো সন্ধান মেলেনি।

পরদিন সকালে বাড়ির কাছেই ডালিয়া ক্যানেলের পাশের একটি পাটক্ষেতে শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পরিবারের সদস্যদের জানানো হলে খবর পেয়ে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ এবং ঘটনার পেছনের পরিস্থিতি উদ্ঘাটনে তদন্ত চলছে।

ঘটনাটি এলাকাজুড়ে শোকের সৃষ্টি করেছে। তদন্তের প্রতিবেদন ও ময়নাতদন্তের ফল পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।