সংসদের দক্ষিণ প্লাজায় হারুন আল রশিদের জানাজা অনুষ্ঠিত

রাষ্ট্র ও রাজনীতির বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের অংশগ্রহণ, ব্রাহ্মণবাড়িয়ায় দাফন সম্পন্ন হবে

টুইট ডেস্ক: সাবেক প্রতিমন্ত্রী, পাঁচবারের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির ভাইস চেয়ারম্যান হারুন আল রশিদের নামাজে জানাজা জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার অনুষ্ঠিত জানাজা নামাজ পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান।

জানাজার আগে মরহুমের সংক্ষিপ্ত কর্মজীবন ও রাজনৈতিক পরিচিতি তুলে ধরেন ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনের সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব।

অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, চিফ হুইপের পক্ষে হুইপ এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিরোধী দলের প্রতিনিধিসহ পরিবারের সদস্যরা।

স্পিকার বলেন, হারুন আল রশিদ জাতীয় সংসদে দীর্ঘ সময় দায়িত্ব পালন করেছেন এবং জনজীবনে সক্রিয় রাজনৈতিক ভূমিকা রেখেছেন। তিনি তাকে একজন অভিজ্ঞ পার্লামেন্টারিয়ান ও জনমুখী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণ করেন।

ডেপুটি স্পিকার বলেন, রাজনৈতিক জীবনে সততা, সাংগঠনিক দক্ষতা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য হারুন আল রশিদ স্মরণীয় হয়ে থাকবেন।

পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে উপস্থিত নেতারা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

হারুন আল রশিদ বৃহস্পতিবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘ রাজনৈতিক জীবনে ব্রাহ্মণবাড়িয়া–৩ আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং বিভিন্ন সময়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

জানাজায় মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতাকর্মী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন।