তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের নেতৃত্বে মুগ্ধ সামান্থা

মুখ্যমন্ত্রী হিসেবে প্রথম সাক্ষাতে অভিনেত্রীর প্রশংসা, দায়িত্ব পালনের সাহসকে জানালেন সম্মান
টুইট প্রতিবেদক: অভিনেতা থেকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নতুন পরিচয়ে প্রথম সাক্ষাতে মুগ্ধতা প্রকাশ করলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
বুধবার চেন্নাইয়ে মুখ্যমন্ত্রী বিজয়ের কার্যালয়ে দেখা করেন সামান্থা। পুরোনো সহকর্মীর সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি চলচ্চিত্র ও রাজ্যের বিভিন্ন বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়। পরে বিজয়ের সঙ্গে তোলা ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে নিজের অনুভূতি জানান সামান্থা।
সামান্থা লিখেছেন, বিজয়কে তিনি সবসময় শুধু পর্দার নায়ক হিসেবে দেখেননি। তার মতে, বিজয়ের ব্যক্তিত্ব, মানুষের ভালোবাসা ও নেতৃত্বের গুণাবলি দেখে বহু আগেই মনে হয়েছিল, তিনি আরও বড় কোনো দায়িত্ব পালনের জন্য তৈরি।
বিজয়ের রাজনৈতিক যাত্রার প্রশংসা করে সামান্থা বলেন, সাফল্যের সর্বোচ্চ পর্যায়ে থাকা একটি জায়গা ছেড়ে মানুষের জন্য বড় দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত সহজ নয়। পরিবর্তন আনার বিশ্বাস থেকেই এমন ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়।
তিনি আরও বলেন, অনেক মানুষ জীবনের কোনো এক পর্যায়ে সমাজের জন্য আরও বড় কিছু করার কথা ভাবেন, তবে খুব অল্প মানুষই সেই আহ্বানে সাড়া দিতে পারেন।
সামান্থার বিশ্বাস, যেসব মানুষ তাদের ভোট দিয়ে বিজয়কে দায়িত্ব দিয়েছেন, তাদের প্রত্যাশা পূরণে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।
উল্লেখ্য, সামান্থা ও বিজয় এর আগে একসঙ্গে অভিনয় করেছেন ‘কাত্থি’ (২০১৪), ‘থেরি’ (২০১৬) ও ‘মেরসাল’ (২০১৭) সিনেমায়। তিনটি ছবিই দর্শকের কাছে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল এবং তাদের জুটির প্রশংসা করেছিলেন ভক্তরা।
বর্তমানে সামান্থা তার নতুন সিনেমা ‘মা ইন্তি বেঙ্গারাম’-এর প্রচারে ব্যস্ত রয়েছেন। ছবিটি শিগগিরই মুক্তি পাওয়ার¦ কথা রয়েছে।






