টম-জেন্ডায়ার লাল গালিচায় প্রত্যাবর্তন

বিয়ের পর প্রথমবার একসঙ্গে প্রকাশ্যে, নতুন ‘স্পাইডার-ম্যান’ ছবির অনুষ্ঠানে নজর কাড়লেন জনপ্রিয় তারকা জুটি
বিনোদন ডেস্ক | টুইটনিউজ২৪ ডটকম
টুইট প্রতিবেদক: হলিউডের বহুল আলোচিত তারকা জুটি Tom Holland টম হল্যান্ড ও Zendaya জেন্ডায়া বিয়ের পর প্রথমবারের মতো একসঙ্গে লাল গালিচায় উপস্থিত হয়ে ভক্তদের উচ্ছ্বাস বাড়িয়েছেন। নতুন চলচ্চিত্র Spider-Man: Brand New Day ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’-এর বিশেষ অনুষ্ঠানে তাদের উপস্থিতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্পেনের Madrid মাদ্রিদে আয়োজিত অনুষ্ঠানে হাতে হাত রেখে এবং পরস্পরকে আলিঙ্গন করে লাল গালিচায় হাঁটতে দেখা যায় এই তারকা দম্পতিকে। তাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানের অন্যতম আকর্ষণে পরিণত হয়।
২৯ বছর বয়সী জেন্ডায়া এদিন কালো রঙের স্ট্র্যাপলেস গাউনে হাজির হন। তার পরিপাটি সাজের সঙ্গে বিশেষভাবে নজর কাড়ে হাতে থাকা হীরার আংটি, যা বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বাগদানের স্মারক হিসেবে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে ৩০ বছর বয়সী টম হল্যান্ড কালো স্যুট ও লাল কলারযুক্ত শার্টে উপস্থিত হয়ে ভক্তদের প্রশংসা কুড়ান।
বিনোদন বিশ্লেষকদের মতে, প্রায় পাঁচ বছর পর কোনো আনুষ্ঠানিক লাল গালিচা অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল এই জুটিকে। এর আগে ২০২১ সালে Spider-Man: No Way Home ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর প্রিমিয়ারে তাদের শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল।
টম হল্যান্ড ও জেন্ডায়ার সম্পর্কের সূচনা নিয়ে দীর্ঘদিন ধরেই ভক্তদের আগ্রহ রয়েছে। জানা যায়, ২০১৬ সালে Spider-Man: Homecoming ‘স্পাইডার-ম্যান: হোমকামিং’ ছবির কাজ করতে গিয়ে তাদের ঘনিষ্ঠতা বাড়ে। পরবর্তীতে সেই সম্পর্ক প্রেমে রূপ নেয় এবং চলতি বছরে তাদের বিয়ে নিয়ে নানা আলোচনা শুরু হয়। যদিও ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি মন্তব্য করতে আগ্রহী নন জেন্ডায়া।
এদিকে বহুল প্রতীক্ষিত ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ আগামী ৩১ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা রয়েছে। নতুন এই চলচ্চিত্রকে ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। টম-জেন্ডায়ার সাম্প্রতিক উপস্থিতি সেই আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।






