জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস

দুই বছরের জন্য নিয়োগ; পদটি থাকবে অবৈতনিক
টুইট ডেস্ক: সরকার জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসকে জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছে। যোগদানের তারিখ থেকে তার এ নিয়োগ কার্যকর হবে।
গত মঙ্গলবার (১৬ জুন) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১–এর ধারা ৮(১) ও ৮(২) অনুযায়ী তাকে চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের মেয়াদ হবে যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর।
এতে আরও উল্লেখ করা হয়, নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার প্রয়োজনবোধে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবে। একইভাবে চেয়ারম্যানও সরকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব পালন হবে অবৈতনিক ভিত্তিতে।
আফরোজা আব্বাস বর্তমানে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য মির্জা আব্বাসের সহধর্মিণী।






