কারিগরি শিক্ষায় ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ, মানবসম্পদ উন্নয়নে জোর: শিক্ষামন্ত্রী

শিক্ষাখাতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিতের চেষ্টা; যুগোপযোগী পাঠক্রমের ওপর গুরুত্ব

টুইট ডেস্ক: চলতি অর্থবছরে কারিগরি শিক্ষাখাতে ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। তিনি বলেন, দেশের মানবসম্পদ গঠন ও দক্ষ জনশক্তি তৈরিতে সরকার কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে।

বুধবার (১৭ জুন) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী বাজেটে শিক্ষাখাতে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩ দশমিক ৫ শতাংশ বরাদ্দ নিশ্চিত করার বিষয়ে সরকার কাজ করছে। দেশের শিক্ষাব্যবস্থাকে আরও কার্যকর ও সময়োপযোগী করতে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সব স্তরের মানুষের সমন্বিত ভূমিকার প্রয়োজন রয়েছে।

তিনি বলেন, শুধু উচ্চ ফলাফল অর্জনই শিক্ষার মূল লক্ষ্য হতে পারে না। শিক্ষার্থীদের মধ্যে নীতি-নৈতিকতা, মূল্যবোধ, সংস্কৃতিচর্চা এবং বাস্তবমুখী দক্ষতা গড়ে তুলতেও সমান গুরুত্ব দিতে হবে। এ উদ্দেশ্যে পাঠক্রম ও পাঠ্যসূচি আরও যুগোপযোগী করার উদ্যোগ নেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, অতীতে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবি থাকলেও জিডিপির অনুপাতে তা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ের বিভিন্ন শিক্ষা উদ্যোগের কথা উল্লেখ করে বলেন, সে সময়ে শিক্ষা সম্প্রসারণে কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছিল।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।