অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক

নেটওয়ার্ক না পেয়ে পাহাড় পেরিয়ে গাছের মগডালে উঠে পাঠালেন উপস্থিতির ছবি

টুইট ডেস্ক: সরকারের নতুন অনলাইন হাজিরা কার্যক্রম বাস্তবায়ন করতে গিয়ে ব্যতিক্রমী ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মুখে পড়েছেন রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার এক প্রধান শিক্ষক। মোবাইল নেটওয়ার্ক না থাকায় বিদ্যালয় থেকে পাহাড়ে উঠে শেষ পর্যন্ত একটি আমগাছের মগডালে বসে হাজিরা নিশ্চিত করতে হয়েছে তাকে।

সোমবার উপজেলার রূপকারী ইউনিয়নের পাকুজ্জোছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের জানান, বিদ্যালয় এলাকায় মোবাইল নেটওয়ার্ক না থাকায় একাধিক জায়গায় চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি। পরে পাহাড়ের উঁচু অংশে উঠে একটি আমগাছে অবস্থান নিয়ে অনলাইনে হাজিরার তথ্য পাঠাতে সক্ষম হন।

তার ভাষ্য, সময়মতো হাজিরা নিশ্চিত না হলে প্রশাসনিক জটিলতায় পড়ার আশঙ্কা থেকেই তিনি এ সিদ্ধান্ত নেন।

এদিকে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় জানিয়েছে, নেটওয়ার্ক-সুবিধাবঞ্চিত এলাকার শিক্ষকদের জন্য বিকল্প ব্যবস্থার বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।