জার্মানির ৭ গোলে নস্টালজিয়ায় মেহজাবীন-তানজিকা

২০১৪ বিশ্বকাপের ব্রাজিল-জার্মানি ম্যাচের স্মৃতি টেনে সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ।

টুইট ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উত্তাপ ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। জার্মানির ৭-১ গোলের বড় জয়ের পর সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আর্জেন্টিনা সমর্থক হিসেবে পরিচিত দুই জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তানজিকা আমিন।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির দাপুটে জয়ের পর খেলা শেষ হওয়ার আগেই সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া জানান মেহজাবীন। ম্যাচের শেষ দিকে তিনি লিখেন, ‘জার্মানি এটা কী দেখাচ্ছে!’। পরে আরেকটি পোস্টে যোগ করেন, ‘৭-১… ফিলিং নস্টালজিক।’

একই সুর শোনা গেছে অভিনেত্রী তানজিকা আমিনের পোস্টেও। তিনি লিখেছেন, ‘ফিলিং নস্টালজিক… জার্মানি ৭টা গোল দিসে… জাস্ট সেয়িং।’

দেশের শোবিজ অঙ্গনে দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের সরব উপস্থিতি দেখা যায়। বিশ্বকাপ উপলক্ষে মেহজাবীনসহ কয়েকজন তারকাকে ইতোমধ্যে আর্জেন্টিনার জার্সিতে দেখা গেছে। অন্যদিকে তানজিকা আমিনও এর আগে স্বামী সাইফ বাসুনিয়ার সঙ্গে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশি-সাদা জার্সি পরা ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছিলেন।

মূলত ২০১৪ সালের বিশ্বকাপ সেমিফাইনালে জার্মানির কাছে ব্রাজিলের ৭-১ গোলের ঐতিহাসিক পরাজয়ের স্মৃতিই নতুন করে আলোচনায় এসেছে। সেই ম্যাচের সঙ্গে সাম্প্রতিক বড় জয়ের মিল খুঁজে আর্জেন্টিনা সমর্থকদের একাংশ সামাজিক মাধ্যমে নানা প্রতিক্রিয়া জানাচ্ছেন।

ম্যাচের লড়াইয়ে প্রথমার্ধেই কুরাসাওয়ের জালে তিনবার বল জড়ায় জার্মানি। বিরতির পর আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় জয় তুলে নিয়ে ২০১৪ সালের সেই স্মরণীয় ম্যাচের আবহ আবারও ফিরিয়ে আনে দলটি।