দুর্গম সিন্দুমুখে শিক্ষার্থীদের ফ্রি মেডিকেল ক্যাম্প

ঢাবি-রামেক শিক্ষার্থীদের উদ্যোগে পাহাড়ি জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের সিন্দুমুখ পাড়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাঙ্গামাটি মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। স্থানীয় জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে যৌথভাবে এই চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, আলীকদম জোন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা নিশ্চিত করে ক্যাম্পটি পরিচালিত হচ্ছে। দুর্গম পাহাড়ি এলাকায় প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এ উদ্যোগের মূল উদ্দেশ্য।
ক্যাম্পে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক চিকিৎসা পরামর্শ এবং প্রয়োজন অনুযায়ী স্বাস্থ্যসচেতনতামূলক দিকনির্দেশনা দেওয়া হচ্ছে। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবার সীমিত সুযোগ পাওয়া এই অঞ্চলের মানুষের কাছে উদ্যোগটি ইতিবাচক সাড়া ফেলেছে।
স্থানীয়রা বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসক ও স্বাস্থ্যসেবা পৌঁছানো এখনো বড় চ্যালেঞ্জ। এমন বাস্তবতায় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবামূলক অংশগ্রহণ মানবিক দায়িত্ববোধ ও সামাজিক উদ্যোগের উজ্জ্বল উদাহরণ হয়ে উঠেছে।
আয়োজকদের আশা, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকলে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে।






