বুদ্ধির খেলার বদলে অপরাধবোধের গল্প

থ্রিলারের চেয়ে মনস্তাত্ত্বিক দ্বন্দ্বে বেশি জোর, তবু মোহনলালের অভিনয় রাখে দর্শককে আটকে।

টুইট প্রতিবেদক: মালয়ালম চলচ্চিত্রের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি দৃশ্যম এর তৃতীয় কিস্তি দর্শকদের সামনে হাজির হয়েছে ভিন্ন এক আঙ্গিকে। আগের দুই পর্বে যেখানে পুলিশ ও জর্জকুটির বুদ্ধির লড়াই ছিল মূল আকর্ষণ, সেখানে দৃশ্যম ৩ বেশি গুরুত্ব দিয়েছে অপরাধবোধ, মানসিক চাপ এবং সামাজিক বিচারের প্রশ্নকে।

এক কিশোরের মৃত্যুর ঘটনা গোপন করার পরিণতি নিয়েই গড়ে উঠেছিল প্রথম দুই কিস্তির গল্প। সেই অপরাধের দায় থেকে বাঁচতে জর্জকুটির পরিকল্পনা ও কৌশল দর্শকদের মুগ্ধ করেছিল। তবে নতুন কিস্তিতে সেই রোমাঞ্চ অনেকটাই অনুপস্থিত। এবার জর্জকুটি আর গ্রামের কেবল টেলিভিশন ব্যবসায়ী নন; তিনি একজন প্রতিষ্ঠিত চলচ্চিত্র প্রযোজক। কিন্তু সামাজিক সন্দেহ, অতীতের স্মৃতি এবং পরিবারের ওপর দীর্ঘদিনের চাপ তাঁকে তাড়িয়ে বেড়ায়।

পরিচালক জিতু জোসেফ এবার ঘটনাপ্রবাহের চেয়ে চরিত্রের মানসিক অবস্থাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি দেখাতে চেয়েছেন, আইনের শাস্তির চেয়ে অনেক সময় অপরাধবোধের ভারই মানুষের সবচেয়ে বড় শাস্তি হয়ে দাঁড়ায়।

তবে থ্রিলারধর্মী চলচ্চিত্র হিসেবে দৃশ্যম ৩ কিছু সীমাবদ্ধতাও সামনে নিয়ে আসে। প্রথমার্ধের গতি বেশ ধীর, মূল সংঘাতে পৌঁছাতে সময় লেগে যায়। আগের ঘটনার পুনরাবৃত্তি এবং পরিবারের মানসিক অবস্থাকে দীর্ঘায়িতভাবে উপস্থাপন করায় কিছু অংশে একঘেয়েমি তৈরি হয়।

অভিনয়ের ক্ষেত্রে মোহনলাল আবারও নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। ভেতরে ভেতরে ভেঙে পড়া, আতঙ্কে বসবাস করা এক পিতার চরিত্র তিনি সংযত অভিনয়ে ফুটিয়ে তুলেছেন। তবে তাঁর স্ত্রী ও সন্তানদের চরিত্রে নতুন কোনো মাত্রা যোগ হয়নি। তারা মূলত আগের দুই কিস্তির পরিচিত পরিসরেই সীমাবদ্ধ থেকেছে।

অন্যদিকে প্রথম কিস্তির পুলিশ কর্মকর্তা সহদেবন ও প্রভাকরের চরিত্রকে এবার নতুনভাবে উপস্থাপন করা হয়েছে। প্রতিশোধের মনোভাব নিয়ে তাদের ফিরে আসা গল্পের শেষভাগে কিছুটা উত্তেজনা সৃষ্টি করে।

চলচ্চিত্রটির চিত্রায়ণেও আগের দুই পর্বের মতো কেরালার প্রকৃতির আবহ তেমনভাবে ধরা পড়েনি। একইভাবে আবহসংগীতেও প্রত্যাশিত টানটান উত্তেজনার ঘাটতি রয়েছে।

সব সীমাবদ্ধতার পরও দৃশ্যম ৩ দেখার অন্যতম কারণ এর নৈতিক ও মনস্তাত্ত্বিক প্রশ্নগুলো। চলচ্চিত্রটি দর্শককে ভাবতে বাধ্য করে,আইন ও ন্যায়বিচার কি সব সময় এক জিনিস? কেবল বুদ্ধিমত্তা কি কোনো অপরাধকে নৈতিকভাবে গ্রহণযোগ্য করে তুলতে পারে?

সব মিলিয়ে, আগের দুই কিস্তির মতো রুদ্ধশ্বাস থ্রিলারের প্রত্যাশা না রেখে চলচ্চিত্রটি দেখলে হতাশ হওয়ার সম্ভাবনা কম। তবে শেষ দৃশ্যে নতুন পর্বের ইঙ্গিত অনেক দর্শকের কাছেই অপ্রয়োজনীয় মনে হতে পারে। কারণ, দীর্ঘদিনের জনপ্রিয় একটি ফ্র্যাঞ্চাইজিকে অতিরিক্ত টেনে নেওয়া তার নিজস্ব শক্তিকেই ক্ষতিগ্রস্ত করতে পারে।

ভারতে গত মে মাসে মুক্তি পাওয়া দৃশ্যম ৩ চলতি মাসের শেষ দিকে বা আগামী মাসের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে পারে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।