রুমায় সেনাবাহিনীর মতবিনিময়, ৫৬ পরিবার পেল খাদ্য সহায়তা

শান্তি-স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণ ও ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা, পুনর্বাসনের আশ্বাস

বান্দরবান প্রতিনিধি: পার্বত্য অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা, ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা এবং মিজোরাম থেকে ফিরে আসা শরণার্থীদের পুনর্বাসন নিয়ে স্থানীয় জনগণ ও ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

বৃহস্পতিবার (১১ জুন) বান্দরবানের রুমা উপজেলার বেথেল পাড়ায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোন কমান্ডার লে. কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসি।

সভায় তিনি কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেএনএ) অপতৎপরতা সম্পর্কে স্থানীয়দের সতর্ক করেন। ধর্মীয় নেতাদের উদ্দেশে তিনি ভয়-ভীতি উপেক্ষা করে শান্তি বজায় রাখতে ভূমিকা রাখার পাশাপাশি কোনো ধরনের আর্থিক সহায়তা না দেওয়ার আহ্বান জানান।

এ ছাড়া কেএনএর সঙ্গে যুক্ত ব্যক্তিদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে উৎসাহিত করার জন্য স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন তিনি। মিজোরামে অবস্থানরত বম শরণার্থীদের দেশে ফিরে আসতে উৎসাহিত করতেও স্থানীয়দের সহযোগিতা চান।

রুমা এলাকার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি আগের তুলনায় স্থিতিশীল উল্লেখ করে জোন কমান্ডার বলেন, সন্দেহজনক কোনো কর্মকাণ্ড নজরে এলে দ্রুত প্রশাসনকে জানাতে হবে। মিজোরাম থেকে ফিরে আসা শরণার্থী ও জামিনে মুক্ত ব্যক্তিদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।

সভা শেষে কারাগার থেকে মুক্ত ও মিজোরাম থেকে ফিরে আসা ৫৬টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

মতবিনিময় সভায় উপস্থিত স্থানীয় নেতা ও জনগণ শান্তি, উন্নয়ন ও পুনর্বাসনমূলক এ উদ্যোগকে স্বাগত জানান।