নারীদের জন্য চালু হচ্ছে পিংক বাস

নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সম্পূর্ণ নারী পরিচালিত পরিবহন ব্যবস্থার উদ্যোগ সরকারের

টুইট ডেস্ক: নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে ‘পিংক বাস’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার। কর্মজীবী নারী ও নারী শ্রমিকদের চলাচলে সুবিধা বাড়াতে এই বিশেষ বাস সার্ভিস চালু করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদ অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, কর্মক্ষেত্রে নারীদের প্রতি যেকোনো ধরনের সহিংসতা ও হয়রানির বিরুদ্ধে সরকার শূন্য সহনশীলতা নীতি গ্রহণ করবে। পাশাপাশি নারীদের জন্য নিরাপদ আবাসন ও যাতায়াত ব্যবস্থা আরও সম্প্রসারণ করা হচ্ছে।

তিনি জানান, সম্পূর্ণ নারী পরিচালিত ও নারীদের ব্যবস্থাপনায় ‘পিংক বাস সার্ভিস’ চালু করা হবে। এর মাধ্যমে নারীদের জন্য নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্ভরযোগ্য গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য রয়েছে।

বাজেট বক্তৃতায় এ ঘোষণার পর জাতীয় সংসদের নারী সদস্যরা করতালির মাধ্যমে বিষয়টিকে স্বাগত জানান।