ট্রেনের মাইকে ঘোষণা: ছুটে এসে বৃদ্ধার প্রাণ বাঁচালেন তিন চিকিৎসক

পদ্মা এক্সপ্রেসে অসুস্থ যাত্রীকে চলন্ত ট্রেনেই চিকিৎসা, মানবিকতায় মুগ্ধ সহযাত্রীরা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে হঠাৎ অসুস্থ হয়ে পড়া এক বৃদ্ধাকে তাৎক্ষণিক চিকিৎসাসেবা দিয়ে সুস্থ করে তুলেছেন তিনজন চিকিৎসক। তাদের মানবিক ও দ্রুত উদ্যোগে চলন্ত ট্রেনেই প্রাথমিক চিকিৎসা পেয়ে স্বস্তি ফিরে পান ওই যাত্রী।
জানা যায়, দুইবার পবিত্র কাবা শরিফ তাওয়াফকারী খোদেজা বেগম উন্নত চিকিৎসার জন্য স্বজনদের সঙ্গে রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিলেন। যাত্রাপথে ট্রেনটি সিরাজগঞ্জ অতিক্রম করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি গুরুতর হয়ে উঠলে ট্রেনের মাইকে ঘোষণা দেওয়া হয়, কোনো চিকিৎসক যাত্রী হিসেবে উপস্থিত থাকলে যেন দ্রুত এক্সট্রা-৩ বগিতে গিয়ে রোগীকে চিকিৎসাসেবা দেন। ঘোষণা শোনার পর ট্রেনের বিভিন্ন বগি থেকে তিনজন চিকিৎসক এগিয়ে আসেন। তারা হলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিমান ইসলাম (অ্যানেসথেসিওলজিস্ট), ইন্টার্ন চিকিৎসক ডা. সুরাইয়া আহমেদ এবং লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইনডোর মেডিকেল অফিসার ডা. মাহমুদ ইকবাল হাফিজ নোমানী।
চিকিৎসকরা রোগীর স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে ধারণা করেন, ডায়াবেটিসের ওষুধ সেবনের পর পর্যাপ্ত খাবার গ্রহণ না করায় তিনি হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হয়েছেন। এতে তার অতিরিক্ত ঘাম ও শারীরিক দুর্বলতা দেখা দেয়।
পরে তিন চিকিৎসক সম্মিলিতভাবে প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা ও ওষুধ প্রদান করেন। তাদের দ্রুত ও কার্যকর পদক্ষেপে খোদেজা বেগমের শারীরিক অবস্থার উন্নতি ঘটে এবং তিনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন।
চলন্ত ট্রেনে চিকিৎসকদের এই মানবিক সেবায় মুগ্ধ হন অন্যান্য যাত্রীরাও। উপস্থিত যাত্রীরা করতালির মাধ্যমে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মানবতার সেবায় এমন উদ্যোগকে সাধুবাদ জানান।






